ডিজিটাল বর্ণমালার নকশা করে লাখপতি হওয়ার সুযোগ দিলো বিসিসি

৩ মার্চ, ২০২২ ১৫:০৪  
বাংলা বর্ণের বিভিন্ন ধরনের অবয়বকে কম্পিউটারে ব্যবহার উপযোগী বা ডিজিটাইজড রূপ দিতে বর্ণমালার নকশা প্রতিযোগিতা আয়োজন করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। বিজয়ীদের জন্য প্রথম পুরস্কার হিসেবে থাকছে ১ লাখ টাকা (১টি), দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা (১টি), তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা (২টি) এবং অনারেবল মেনশন ১০ হাজার টাকা (৫টি)। আর এই ৯টি পুরস্কার পেতে প্রতিযোগীকে গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। শৈল্পিক বর্ণে লিখতে হবে-
ঐ মিঞা অঘটন দেখ; ঊষাবেলা ঔপন্যাসিক ও তার দঃখি ঋণী ভাই ঢাকা শহেরর উঁচুতে যত ডাগর ফড়িং, ঈগল এবং ব্যাঙ আেছ তাদের মাঢ়ি দিয়ে ঠেসে ধরে ঝাকাতে থাকল।
‘ফন্টের জন্য বর্ণ ডিজাইন’ নামে এ প্রতিযোগিতায় টাইপোগ্রাফার, শিল্পী, গ্রাফিক্স ডিজাইনার, ক্যালিগ্রাফার, ফন্টোগ্রাফারসহ সর্বসাধারণের কাছে সুন্দর হাতের লেখা বা বাংলা বর্ণমালার নকশা আহ্বান করা হয়েছে। বিসিসি’র ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় চলছে এই আয়োজন। উন্মুক্ত প্রতিযোগিতা থেকে বিশেষজ্ঞ বিচারক প্যানেলের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হবে। প্রতিযোগিতায় হাতের লেখা বা ফন্ট জমা দিতে হবে আগামী ২৬ মার্চের মধ্যে। এ বিষয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ভাষা প্রযুক্তি বিশেষজ্ঞ, পরামর্শক এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মামুন অর রশিদ ডিজিবাংলা-কে বলেন,  বাংলায় প্রাতিষ্ঠানিক প্রয়োজনে ব্যবহার করা ফন্টের তুলনায় নকশা করা ফন্টের অপ্রতুলতা রয়েছে। তা দূর করতেই এই প্রতিযোগিতার আয়োজন। নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। ফন্ট জমা দেওয়ার বিষয়ে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে। এখানে একটি টেমপ্লেট দেয়া আছে। ওই টেমপ্লেটে আছে সবগুলো বর্ণ।টেমপ্লেটের এই বর্ণমালাটি হাতে অথবা কম্পিউটারে এঁকে আমাদের লিখে তা আমরা নিজেরা অথবা ডেভলপার দিয়ে ডিজিটাল ফন্টে রূপান্তর করবো। কম্পিউটার কাউন্সিলের পক্ষ থেকে এ বিষয়ে আরো বলা হয়েছে, প্রতিযোগিতায় সত্যজিৎ রায়, কাইয়ুম চৌধুরীর হাতের লেখা; সংবিধানে ব্যবহৃত অক্ষর-শিল্পের মতো টাইপোগ্রাফি বা বাংলা পুঁথির লেখা থেকে বাংলা ফন্টে রূপান্তর করার সুযোগ রয়েছে। এছাড়া কমিকসের ফন্ট, ক্যারিকেচারের ফন্ট, ডিজিট-বান্ধব কিংবা অন্য বিশেষায়িত ফন্ট তৈরিরও সুযোগ রয়েছে।